স্টাফ রিপোর্টার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ অঙ্গ-সহযোগী সংগঠনের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় গতকাল বুধবার ভুলতা ইউনিয়ন বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় এ কর্মসূচি পালন করে।
মহাসড়কের ভুলতা গোলচত্বরে আয়োজিত সমাবেশের পর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে ভুলতা স্কুল এন্ড কলেজ গেইটে গিয়ে শেষ হয়।
ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নাসিম ভুঁইয়া, সেলিম মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। নিরপেক্ষ ও নির্মোহ আইনের শাসনের মধ্য দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। এটি একটি মামলার রায় মাত্র। এ ধরনের আরও শত শত মামলা রয়েছে, যেগুলোতেও একই রায় হবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছে। তিনি ফিরে এলে কীভাবে তাঁকে আদর-আপ্যায়ন করতে হবে, তা দেশের মানুষ ঠিক করে রেখেছে।
তারা আরো বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও এসব সন্ত্রাসীকে পেলে তাদের ‘মেহমানদারি’ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য অতীতের মতো সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া বলেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হ্যান্ডকাফ পরে ফিরতে হবে। এদিকে বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে দুপুরে একই কর্মসূচি পালন করা হয়। এ সময় শত শত নেতাকর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন।
