কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা ঠেকাতে রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সড়কের জলসিড়ি চত্ত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং পরে মিছিল করেন। এ সময় তারা নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ঝটিকা মিছিল প্রতিহত করার ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, ইউপি প্রশাসক নূর নবী ভুঁইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হাসান শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, গত কয়েকদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় নৈরাজ্যে সৃষ্টির উদ্দেশ্যে গোপনে ককটেল বিস্ফোরনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার চেষ্টার করছে। তাদের এই অপকর্ম ঠেকাতে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিগত সময়ে মাঠে ছিল। এখনো আছে। কেউ কোন প্রকার নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারি দেন।
