স্টাফ রিপোর্টার

রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে রূপগঞ্জের ওই স্টিল মিলে বয়লার বিস্ফোরণ হয়। দগ্ধরা হলেন সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, রূপগঞ্জ থেকে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে সাজিব সরকারের শরীরের ৭০ শতাংশ, রুবেল আহমেদের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, সাজিবের শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজনেরও প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা চলছে।
তবে কীভাবে বয়লার বিস্ফোরণ হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।