স্টাফ রিপোর্টার
রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্প কর্তৃক অবৈধভাবে বালু ভরাটকৃত অবিক্রীত জমির তথ্য সংগ্রহ এবং বসতবাড়ি ও সরকারি রাস্তা থেকে ৩ শত মিটার দূরে (ডিমার্কেশন) সীমানা নির্ধারণের দাবিতে ১৪টি গ্রামের বাসিন্দাদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় রূপগঞ্জের বড়ালু বাজারে এলাকায় ‘পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ’-এর উদ্যোগে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “আমাদের মাটি, আমাদের অধিকার, ভিটা-মাটি রক্ষায় গড়ব প্রতিরোধ” এই স্লোগানকে সামনে রেখে স্থানীয়দের পৈতৃক ভিটা-মাটি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জলসিঁড়ি প্রকল্প কর্তৃক অবৈধভাবে ভরাট করা জমির সঠিক হিসাব বের করতে অবিক্রীত জমির তথ্য সংগ্রহ করা হয় এবং বসতবাড়ি ও সরকারি চলাচলের রাস্তা থেকে অন্তত ৩০০ মিটার দূরত্ব বজায় রেখে সীমা নির্ধারণ বা ডিমার্কেশনের জোর দাবি জানান তারা।
‘পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ’-এর আয়োজনে আয়োজিত এই জরুরি সভায় ১৪টি গ্রামের বিপুল সংখ্যক ভূখণ্ড মালিক ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
