ঢাকা-সিলেট মহাসড়কের দেড় হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-সিলেট মহাসড়কের দেড় হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

Share

স্টাফ রিপোর্টার

ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকা দখলমুক্ত করতে প্রায় দেড় হাজার অবৈধস্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রূপগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিক। দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়ক, ফুটপাত দখলে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করতো কতিপয় ব্যক্তিরা। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্দুল আজিজ মাস্টার, আলহাজ্ব আব্দুল মতিন, আরিফুজ্জামান ইমন উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে কাঁচাবাজার, মাছ, কাপড়, জুতা ও ফলের পসরা সাজিয়ে কতিপয় ব্যবসায়ীরা কেনাবেচা করতো। এ কারণে মহাসড়ক সরু পথে পরিণত হয়ে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হতো।
উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা পর্যন্ত মহাসড়কের একপাশে কাঁচাবাজার ও অপরপাশে কাপড়, জুতা, ফলের দোকানিদের দখলে ছিল। এছাড়াও মহাসড়ক জুড়ে পিকআপ ভ্যান, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেটকারের একাধিক স্ট্যান্ড ছিল।
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গোলাকান্দাইল-সাওঘাট এলাকা পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা এসকল অবৈধ স্ট্যান্ড, দোকানপাট বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। গত কয়েকদিন মাইকিং করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকা ফুটপাত দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৪০জন স্বেচ্ছাসেবী মহাসড়ক যানজটমুক্ত রাখতে নিয়মিত কাজ করবে। অবৈধ দখলদারদের বিরুযদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

13 October 2026

ঢাকা-সিলেট মহাসড়কের দেড় হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

www.amaderrupganj.com