স্টাফ রিপোর্টার
রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় রূপগঞ্জের ইউনাইটেড বালু মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্রীড়াপ্রেমী স্থানীয় দর্শকদের বিপুল উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নূর নবী ভূঁইয়া।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের জন্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল (বাইক) এবং রানার্সআপ দলের হাতে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়। আকর্ষণীয় এ পুরস্কার খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।
টুর্নামেন্টটি আয়োজনে সংশ্লিষ্ট ছিলেন রওনক আহম্মেদ ও মোক্তার হোসেনসহ স্থানীয় যুবসমাজের সদস্যরা। এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
