রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু, গ্রেপ্তার ২

রূপগঞ্জে অটোরিকশাচালক রাজন হত্যার আসামি আটক ফয়সাল ও জামাল

Share

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজন মিয়া নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) ভোর রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী-বাগবাড়ি সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজন মিয়া উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া এবং নোয়াখালী সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার ভোর রাতে কয়েকজন যুবক যাত্রী সেজে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশা ভাড়া নেয়। অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি সেতু এলাকায় পৌঁছলে ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক রাজন মিয়াকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তারা। এক পর্যায়ে তার গলায় আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাজন মিয়াকে উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তারাবো এলাকা থেকে ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামালকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

Share this news as a Photo Card

12 October 2026

রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু, গ্রেপ্তার ২

www.amaderrupganj.com