ক্যামিও চরিত্রে মেহজাবীন

ছোটপর্দায় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর অভিনয়ের রসায়ন দর্শকের কাছে বরাবরই উপভোগ্য। একসঙ্গে তাদের অভিনীত নাটক ও ওয়েব কনটেন্ট পেয়েছে দর্শকপ্রিয়তা। অন্যদিকে তমা মির্জার সঙ্গে নিশোর নতুন জুটিও বড়পর্দায় তৈরি করেছে আগ্রহ। এবার নিশো ও তমা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে।

ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং শেষ হলেও এই অভিনেত্রীর চরিত্র নিয়ে এখনও গোপনীয়তা বজায় রেখেছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে সিনেমাটিতে মেহজাবীনের উপস্থিতি দর্শকের জন্য নতুন চমক হয়ে উঠতে পারে।

সিনেমা-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, মুক্তির আগে মেহজাবীনের উপস্থিতিকে চমক হিসেবেই রাখতে চান নির্মাতা। এ কারণে সিনেমাটিতে তার যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তার চরিত্রের ব্যাপ্তি কিংবা গল্পে এর গুরুত্ব কতটুকু, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি। তবে নিশো ও তমার সঙ্গে মেহজাবীনের উপস্থিতি সিনেমাটি ঘিরে দর্শকের কৌতূহল আরও বাড়িয়েছে।

মেহজাবীনের চলচ্চিত্র ক্যারিয়ারেও ‘খলনায়ক’ নতুন সংযোজন। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ছোটপর্দায় দীর্ঘদিন কাজ করার পর চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতা তুলে ধরেছেন এই অভিনেত্রী। এবার অতিথি চরিত্রে তার উপস্থিতি দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করবে।

অন্যদিকে আফরান নিশো ও তমা মির্জাকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে খলনায়ক। ছোটপর্দা ও ওটিটিতে ভিন্নধর্মী গল্পের কাজ দিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র এটি। সিনেমাটির গল্প থেকে শুরু করে অভিনয়শিল্পীদের চরিত্রÑ সবকিছুতেই শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছেন নির্মাতা। ফলে ছবিতে কে কোন ভূমিকায় অভিনয় করছেন, তা নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ রয়েছে।

আফরান নিশো, তমা মির্জা ও মেহজাবীন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার ও কলকাতার অভিনেত্রী প্রিয়াংকা সরকার। ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। তবে ২০২৬ সালে মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সম্প্রতি নির্মাতা জানিয়েছেন আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসবে খলনায়ক। মেহজাবীনের চরিত্রসহ সিনেমার অন্যান্য চমক সম্পর্কে নির্মাতারা কী তথ্য প্রকাশ করেন, এখন সেটিই দেখার অপেক্ষা।