নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় ‘ইশ্‌ক-এ-নুসরাত’

কিংবদন্তি সুফি সংগীতশিল্পী উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ কাওয়ালি সন্ধ্যা ‘ইশ্‌ক-এ-নুসরাত’।

ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশন্সের আয়োজনে আগামী ৭ নভেম্বর কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ কাওয়ালী সন্ধ্যা।

অনুষ্ঠানে কাওয়ালি ও সুফি সংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড সুফিতান ও দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত নাফস। পাশাপাশি সুফি সংগীতের আবহে নৃত্য পরিবেশন করবে এইচইউ সুফি ট্রুপ। 

কাওয়ালি ও সুফি সংগীতের কিংবদন্তি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার কালজয়ী সংগীত নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনন্য কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং সুফি সংগীতকে বিশ্বদরবারে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার অসামান্য অবদান আজও সংগীতপ্রেমীদের অনুপ্রাণিত করে। ‘ইশ্‌ক-এ-নুসরাত’-এর মধ্য দিয়ে সেই সংগীতঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি দেশে কাওয়ালি ও সুফি সংগীতের প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।

আয়োজনটি প্রসঙ্গে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশন্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাকিব হোসেন বলেন, “ইশ্‌ক-এ-নুসরাত’ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাঁর সংগীতের চিরন্তন উত্তরাধিকার উদ্‌যাপনের একটি বিশেষ উদ্যোগ”।

তিনি আরও বলেন, “বাংলাদেশের দর্শকদের কাছে কাওয়ালি ও সুফি সংগীতের সৌন্দর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে এ সংগীতধারার প্রতি আগ্রহ তৈরি করা আয়োজনটির অন্যতম লক্ষ্য। সংগীতের মধ্য দিয়ে নুসরাত ফতেহ আলী খানের কালজয়ী সৃষ্টিকে নতুন করে আবিষ্কারের সুযোগ তৈরি করাও এ উদ্যোগের অংশ”।

আয়োজকদের প্রত্যাশা, সংগীতপ্রেমী, সুফি সংগীতের অনুরাগী ও নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের অংশগ্রহণে ‘ইশ্‌ক-এ-নুসরাত’ হয়ে উঠবে স্মরণীয় এক সন্ধ্যা। কাওয়ালি ও সুফি সংগীতের সুরে কিংবদন্তি এই শিল্পীর সংগীতজীবন ও অবিস্মরণীয় অবদানকে স্মরণ করার পাশাপাশি বাংলাদেশের সংগীতাঙ্গনেও নতুন মাত্রা যোগ করবে এ আয়োজন।