মাকে হারালেন চিত্রনায়িকা পপি

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন।

রাজধানীর একটি হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, মৌসুমী ও পপি ফার্স্ট কাজিন। সেই সূত্রে পপির মাকে তিনি শাশুড়ি হিসেবে সম্বোধন করতেন। তিনি লেখেন, “১৯৯৭ থেকে তাকে আমি সবসময় আম্মা বলে ডাকতাম। উনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আল্লাহ জান্নাত নসিব করুন।”

দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গুলশান নিকেতনের বাসায় স্ট্রোক করলে গত ১৪ অক্টোবর দিবাগত রাতে তাকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে মারা যান তিনি।

একসময় ঢাকাই সিনেমায় নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন পপি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ নেই বললেই চলে। মায়ের মৃত্যুর খবরে চলচ্চিত্রাঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।