চার দিনের জাপান সফর শেষে আজ ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফর শেষ করে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপানের রাজধানী টোকিও থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।

সফরটিতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি একাধিক খাতে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়।

সফরকালে কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত করার প্রত্যাশা করা হচ্ছে।

জাপানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকও ছিল প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ অংশ। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।

এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। দেশটির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ জোরদার করতেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

টোকিওতে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও বিভিন্ন খাতের সুযোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়টি সামনে আসে।

সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।

সফর শেষে আজ রাতে তার দেশে ফেরার মধ্য দিয়ে জাপানে চার দিনের সরকারি কর্মসূচি শেষ হচ্ছে।